চুরুলিয়া থেকে সরিয়ে নেয়া হচ্ছে কবি নজরুলের ব্যবহৃত শিল্প সামগ্রী
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তৈরি করা নজরুল একাডেমী থেকে কবির ব্যবহৃত স্মৃতিচিহ্ন সরিয়ে নেওয়া হচ্ছে— এমন অভিযোগে তোলপাড় শুরু হয়েছে।
সোমবার (৭ জুলাই) সাংবাদিক সম্মেলন করে কবির ভ্রাতুষ্পুত্র কাজী আলি রেজা জানান, চুরুলিয়ার নজরুল একাডেমীকে না জানিয়েই কবির ব্যবহৃত জিনিসপত্র সরিয়ে নিচ্ছে আসানসোলে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নজরুল একাডেমীর সংগ্রহশালায় রয়েছে কবির হাতে লেখা পান্ডুলিপি, তার পোশাক, বাদ্যযন্ত্র, ছবি, প্রমিলা দেবীর খাট এবং শবযাত্রার আলোকচিত্র। এসব দেখার জন্য বছরজুড়ে দেশ-বিদেশ থেকে মানুষ আসেন। এখন এসব স্মৃতিচিহ্ন সরিয়ে নেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দা ও নজরুলপ্রেমীরা।
প্রতিবাদকারীদের দাবি, “চুরুলিয়া শুধু একটা গ্রাম নয়, কবিতীর্থ। কবির স্মৃতি এখানেই থাকুক”।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, মিউজিয়ামকে বিশ্বমানের করতে সংস্কারের জন্য সাময়িকভাবে সামগ্রী সরানো হচ্ছে, পরে সেগুলো ফেরত আনা হবে। কিন্তু কাজী আলি রেজাসহ স্থানীয়দের আশঙ্কা, এ উদ্যোগের আড়ালে স্থায়ীভাবে স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলার চক্রান্ত থাকতে পারে।




0 Comments