সাংবাদিক তুহিন হত্যা: পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে
✍️ মুনিয়া মুমু | সিনিয়র প্রতিবেদক, 1M News
📍৮ আগস্ট ২০২৫, শুক্রবার
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
আজ শুক্রবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান জানান, এখন পর্যন্ত ৪ থেকে ৫ জন আসামিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে ঘটনার পেছনে ‘চাঁদাবাজির লাইভ’ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
ডিসি রবিউল বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া নারীর পরিচয় পাওয়া গেলে হত্যার মূল কারণ জানা সহজ হবে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।”
এর আগে শুক্রবার সকালে তুহিন হত্যাকাণ্ডে গাজীপুরের বাসন থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহতের বড় ভাই বাদী হয়ে মামলাটি করেন, যেখানে অজ্ঞাতপরিচয় ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।
🔍 ঘটনার পেছনের প্রেক্ষাপট:
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করেন বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই পুরো ঘটনা মোবাইলে ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন।
হামলাকারীরা বিষয়টি বুঝতে পেরে তাকে ভিডিও ডিলিট করতে বলে। কিন্তু তুহিন নিজের সাংবাদিক পরিচয় দিয়ে তা করতে অস্বীকৃতি জানান। এর কিছুক্ষণ পরই পাশের একটি মার্কেটের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
🕯️ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিলেন তুহিন
সাংবাদিক তুহিন ছিলেন সাহসী ও নির্ভীক একজন রিপোর্টার। দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে এমন নির্মমভাবে তাকে হত্যা করা দেশের সাংবাদিক সমাজে নিন্দার ঝড় তুলেছে। দ্রুত আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে সাংবাদিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে।




0 Comments