বৃষ্টির প্রভাবে চড়া বাজার, নিত্যপণ্যের দামে আগুন
✍️ মুনিয়া মুমু | সিনিয়র প্রতিবেদক, 1M News
রাজধানীর বাজারে বৃষ্টির প্রভাব স্পষ্ট। টানা বৃষ্টিতে সরবরাহে ব্যাঘাত না থাকলেও অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে হঠাৎ করেই। বিশেষ করে সবজি, মাছ, ডিম ও মুরগির বাজারে লেগেছে অস্থিরতার ছোঁয়া।
বৃহস্পতিবার রাতের বৃষ্টির পর শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। বেগুন, করলা, টমেটো, গাজর—সবকিছুই শতকের ঘরে। টমেটোর কেজি ২০০ টাকা, গাজরের কেজি ১৬০ টাকা। ২৫০ গ্রামের কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে ৫০ টাকা।
পেঁয়াজের বাজারেও হঠাৎ উত্তাপ। দু’দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০ টাকা—৬০ টাকা থেকে লাফিয়ে ৮০ টাকায় উঠেছে দাম।
অন্যদিকে, আলুর বাজার কিছুটা স্বস্তিদায়ক। কেজিপ্রতি ৫ টাকা কমে কোথাও কোথাও ২০ টাকায় বিক্রি হচ্ছে। ভালো মানের আলু বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা দরে।
ছুটির দিনে ব্রয়লার মুরগির দাম বাড়ানো এখন যেন নিয়মে পরিণত হয়েছে। কেজিপ্রতি ১৭০ টাকা হাঁকছেন বিক্রেতারা। লেয়ারের দাম ৩০০ টাকা থাকলেও, সোনালি মুরগির কেজি ৩৪০ টাকা ছুঁয়েছে।
মাছের বাজারে রয়েছে দীর্ঘস্থায়ী চাপ। এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২,৬০০ থেকে ২,৯০০ টাকা পর্যন্ত। মাঝারি ইলিশের দাম ২,০০০ থেকে ২,২০০ টাকা। এমনকি ছোট ইলিশও বিক্রি হচ্ছে ১,৪০০ টাকায়। চাষের মাছের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
ডিমের বাজারেও অস্থিরতা বিরাজ করছে। মাত্র চার দিনে ডজনপ্রতি দাম বেড়েছে ১৫-২০ টাকা। মোটা চাল ৫৫-৬০ টাকায় থাকলেও মিনিকেট ও নাজিরশাইলের দাম অপরিবর্তিতভাবে চড়া।
এছাড়া, মসুর ডাল কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিতে ফসলের জমি তলিয়ে যাওয়ায় বাজারে পণ্য সরবরাহে বিঘ্ন ঘটেছে। তবে ক্রেতারা অভিযোগ করছেন, সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা।




0 Comments