ইসরায়েলের কাছে আটক ছেলের মরদেহ, কবর দেয়ার অপেক্ষায় ফিলিস্তিনি মা জামিলা
জেরুজালেম, আল জাজিরা সূত্রে:
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি জন্মদিনের এক সপ্তাহ আগে নিজ ঘরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন ফিলিস্তিনি যুবক মাহমুদ সানাকরা। এরপর তার মরদেহ নিয়ে যায় সেনারা। সেই থেকে মা জামিলা সানাকরা আজও ছেলের দেহ ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন।
৬৭ বছর বয়সী এই মা ইতোমধ্যেই হারিয়েছেন দুই ছেলেকে। তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন মাহমুদ। জামিলা নিশ্চিত জানেন—তার দুই ছেলেকে হত্যা করেছে ইসরায়েল। কিন্তু মাহমুদের মৃত্যু কিংবা দেহাবশেষ সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাননি।
জামিলা বলেন, “ফিলিস্তিনি মায়েরা সন্তানকে দুইবার বয়ে নিয়ে যায়—একবার গর্ভে, আরেকবার জানাজার মিছিলে।”
প্যালেস্টাইনি ন্যাশনাল ক্যাম্পেইন ফর দ্য রিকভারি অব মার্টার্স’ বডিজ-এর তথ্য অনুযায়ী, মাহমুদ সেই দুই হাজার দুই শতাধিক ফিলিস্তিনির একজন, যাদের মরদেহ দখলকৃত পশ্চিম তীর ও গাজা থেকে নিয়ে ইসরায়েল সংরক্ষণ করে রেখেছে ফ্রিজে বা নাম্বারকৃত কবরস্থানে।
জেরুজালেম লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস সেন্টার (জেএলএসি) অভিযোগ করেছে, ইসরায়েল মরদেহ আটকে রেখে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং ফিলিস্তিনিদের প্রিয়জনকে শেষ বিদায় জানানোর অধিকার থেকে বঞ্চিত করছে।
জামিলা সানাকরা ইতোমধ্যেই একটি কবর বানিয়ে রেখেছেন ছেলের জন্য। তার একমাত্র আশা—মাহমুদের মরদেহ একদিন ফিরে আসবে এবং তিনি তাকে ইসলামি রীতি অনুযায়ী দাফন করতে পারবেন।




0 Comments