আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালতের আদেশের অপেক্ষায় ইসি
ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫:
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিরোধ সৃষ্টি হলেও এ বিষয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “ইসি আইনের সাত ধারায় বলা আছে, সীমানা নির্ধারণ নিয়ে মামলা গ্রহণযোগ্য হবে না। তবে জনগণের মৌলিক অধিকার হিসেবে রিট করা যায়। আসনের সীমানা নিয়ে এখন পর্যন্ত হাইকোর্টে ১৮টি রিট হয়েছে। কমিশন আদালতের প্রতি আস্থাশীল। নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করা হবে।”
প্রবাসীদের ভোটাধিকার
প্রবাসীদের ভোট নিয়ে সচিব জানান:
-
প্রবাসীদের অ্যাপের মাধ্যমে ঠিকানা দিয়ে নিবন্ধন করতে হবে।
-
নির্ধারিত সময়ে বড় খামে একটি ব্যালট পেপার পাঠানো হবে।
-
ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে, প্রার্থীর নাম থাকবে না।
-
ভোটাররা তা নিকটস্থ পোস্ট অফিস থেকে পাঠাতে পারবেন।
এ সময় তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে যারা দেশে থেকেও ভোট দিতে পারেন না, তারা চাইলে প্রবাসীদের মতো বিশেষ নিবন্ধন করে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
নতুন ভোটার যুক্তকরণ
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ পূর্ণ হবে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে জানান ইসি সচিব।
ইইউ প্রতিনিধি দল আসছে
এছাড়া, নির্বাচন নিয়ে আলোচনা করতে আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে বলেও তিনি উল্লেখ করেন।




0 Comments