নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিন আসামি গ্রেফতার
নরসিংদীতে সংবাদ প্রকাশের জেরে যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার রাতে আহত সাংবাদিক আইয়ুব খান সরকার নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ আরও ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আইয়ুব খান সরকার জানান, সদর উপজেলার আলোকাবালী চরাঞ্চলের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে নরসিংদী সদর হাসপাতালে গেলে এক পক্ষের সমর্থকরা তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, হামলায় জড়িত এজহারনামীয় তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে নরসিংদীর আলোকাবালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হন। তখন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পরিকল্পিতভাবে সাংবাদিক আইয়ুব খান সরকারের ওপর হামলা চালানো হয়।




0 Comments