মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘বাড়ির নাম শাহানা’
আগামী ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন লীসা গাজী এবং প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও বিজন। এটি পরিবেশন করছে আরিফুর রহমানের প্রতিষ্ঠান গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
চিত্রনাট্য লিখেছেন পরিচালক লীসা গাজী ও আনান সিদ্দিকা। চলচ্চিত্রের মূল চরিত্র দীপার ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দিকা। এছাড়াও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরও অনেকে।
আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছে ‘বাড়ির নাম শাহানা’। লন্ডন, শিকাগো, মেলবোর্ন, রোম ও মুম্বাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বে পরিচিত করেছে এটি।
২০২৩ সালের মুম্বাই চলচ্চিত্র উৎসবে ভারতের চলচ্চিত্র সমালোচক গিল্ড থেকে পেয়েছে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’। লন্ডনের বিএফআই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের পছন্দের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। রোমের কারাভান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এও একই পুরস্কার অর্জন করেছে। মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে সেরা চলচ্চিত্র হিসেবে। আর আমেরিকার শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে জিতেছে রানার-আপ জুরি পুরস্কার।
এছাড়া, চলচ্চিত্রটি এনএফডিসি ফিল্ম বাজারে ‘এফবিআর বিজয়ী ২০২১’ খেতাব পেয়েছে। ইতোমধ্যেই চ্যানেল-৪ ইউকে ২ বছরের জন্য চলচ্চিত্রটির সম্প্রচার অধিকার কিনে নিয়েছে।
পরিচালক লীসা গাজী জানান, এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। তিনি বলেন, “নিজের জীবনকে নিজের মতো করে যাপন করার সরল চাওয়া দীপাকে দুঃসাহসী এক নারীস্বত্বা হিসেবে হাজির করা হয়েছে। এটি কোনো বিষণ্ণতার ছবি নয়, বরং জীবনের জয়গানে মুখর।”




0 Comments