শাহবাগ ছাড়লেন আন্দোলনরত শিক্ষকরা
শাহবাগ মোড় অবরোধ শেষে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বুধবার (১৫ অক্টোবর) শাহবাগ মোড় থেকে মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যান। প্রায় আড়াই ঘণ্টা শাহবাগ মোড় অবরোধের কারণে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। শাহবাগ মোড় ছাড়ার সময় তাদের পক্ষ থেকে জানানো হয়, সরকার বাড়িভাড়া ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু তারা এতে রাজি নন। শহীদ মিনার থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশ ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। রোববার ও সোমবার রাতভর তারা খোলা আকাশের নিচে অবস্থান করেছেন, কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটিয়েছেন। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে বলে জানান তারা।




0 Comments