দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, চলবে আরও ৩ দিন
চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা, শহরে অস্থায়ী জলাবদ্ধতার সম্ভাবনা
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিন দিনের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায়—২০৬ মিলিমিটার।
ঝুঁকিপূর্ণ এলাকা ও সতর্কতা
ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
সকালে ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
আবহাওয়া অধিদফতর সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে, ভারী বর্ষণের সময় ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত এড়াতে এবং নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।




0 Comments