রোজায় সারাদেশে নিত্যপণ্যের বাজার চড়া
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
সিনিয়র রিপোর্টার | মুনিয়া মুমু
রমজানের প্রথম দিনেই সারাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। গত সপ্তাহের তুলনায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই অধিকাংশ পণ্যই বেশি দামে বিক্রি হচ্ছে। এতে সাধারণ ভোক্তারা পড়েছেন বাড়তি চাপের মুখে।
সবচেয়ে বেশি বেড়েছে লেবুর দাম। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এ পণ্যের মূল্য দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। সপ্তাহখানেক আগে যেখানে প্রতি হালি লেবু ৪০ টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে তা স্থানভেদে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া দেশি পেঁয়াজের দামও বেড়েছে। বাজারে বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ থেকে ৭০ টাকায়। ইফতারের গুরুত্বপূর্ণ সবজি বেগুন, কাঁচা মরিচ ও শসার দামও শতকের ঘর ছাড়িয়েছে।
রমজানে বহুল ব্যবহৃত ছোলা মানভেদে ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের দাম ৩০০ টাকার নিচে মিলছে না। উন্নতমানের খেজুরের ক্ষেত্রে দাম আরও বেশি।
প্রোটিনজাতীয় পণ্যের বাজারেও ঊর্ধ্বগতি রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। গরুর মাংসের দামও বেড়েছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ব্যয় বৃদ্ধি, পরিবহন খরচ ও মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে দাম বাড়ছে। তবে ভোক্তাদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত তদারকি না থাকায় রমজানকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাজার মনিটরিং জোরদার এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখলে মূল্যস্থিতি নিশ্চিত করা সম্ভব হতে পারে। রমজানের শুরুতেই এমন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে।




0 Comments