খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক ২৯ ঘণ্টা বন্ধ থাকবে
এমআরটি লাইন-১ এর ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য রাজধানীর খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরামুখী সড়কে ২৯ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে শুরু করে আগামীকাল ১৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
ডিএমটিসিএল জানায়, এ সময়ে পথচারী ও যানবাহন চালকদের বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানানো হচ্ছে। বিকল্প হিসেবে রেডিসন হোটেলের সামনে ইউটার্ন নিয়ে কুড়িল ফ্লাইওভার কিংবা অন্য বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
জনসাধারণের ভোগান্তি এড়াতে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।




0 Comments